২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 12:53 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, শুক্রবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলে এ  সংঘর্ষে কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হলের শিক্ষার্থীরা জানায়, রাত সোয়া ১টার দিকে লতিফ হল ছাত্রলীগের সভাপতি প্রার্থী ফলিত পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শামীমের নেতৃত্বে নারায়ণ, মনির, নাঈম, নিশানসহ ৮/১০ ছাত্রলীগ কর্মী প্রম ব্লকের তৃতীয় তলা থেকে পিস্তল, দেশিয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে ২১০ নম্বর কক্ষে হামলা করে। এ সময় তারা আরেক সভাপতি প্রার্থী মিজানুল হক মিজানকে (চতুর্থ বর্ষ-পদার্থ বিভাগ) হুমকি দেয়।

এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী সুজন হোসেন (তৃতীয় বর্ষ-ইসলামের ইতিহাস) তাদের বাঁধা দিতে গেলে শামীম পক্ষের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে শামীম পক্ষ পালিয়ে যায়।

পরে মিজান পক্ষের নেতা-কর্মীরা হলের মূল ফটকে তালা দিয়ে অস্ত্রের মহড়া দিতে থাকে। তারা তৃতীয় তলার ৩০১, ৩০৩, ৩০৫ ও ৩১৮ নম্বর কক্ষ ভাংচুরও করে।

তবে পুলিশ গিয়ে কোনো অস্ত্র পায়নি বলে জানিয়েছেন ওসি আলমগীর হোসেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিশ্বনাথ শিকদার বলেন, “বিষয়টি শুনে আমি রাতেই হলে গিয়েছিলাম। পরবর্তীতে মীমাংসা করে দেয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে এসে আমি বিষয়টি মীমাংসা করে দিয়েছি।”

মিজান অভিযোগ করেন, শামীম কোনো কারণ ছাড়াই অস্ত্রধারীদের নিয়ে তাকে মারতে এসেছিল।  

অন্যদিকে শামীম বলেন, “ আমরা তাদের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটে গেছে।”