যশোরে ফল বিপর্যয়, পাস ৬০.৫৮ শতাংশ
সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩ হলেও যশোর বোর্ডে এবার পাস করেছে ৬০ দশমিক ৫৮ শতাংশ। কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
আগের বছরের ফলাফলের তুলনায় যাকে ‘বিপর্যয়’ হিসাবে দেখছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
গতবার এ বোর্ডে পাসের হার ছিল ৬৭ দশমিক ৪৯।
এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৩১ জন। গতবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৭৫০ জন।
যশোরে পাসের হারে উন্নতি
ঘোষিত ফলাফলে দেখা যায়, এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ১৭ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৪ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাস করেছে মাত্র ৬৯ হাজার ৫৫০ জন।
পাসের হার গত বছরের তুলনায় দশমিক ৬ দশমিক ৯১ শতাংশ কম।
ফল বিপর্যয়ের কারণ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ আবু দাউদ বলেন, বেশিরভাগ শিক্ষার্থী এবার ইংরেজিতে খারাপ করেছে।
কারণ হিসেবে তিনি বলেন, “পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের গুজবে শিক্ষার্থীরা সেই প্রশ্নপত্রের খোঁজে সময় কাটায়। অনেকেরই মন খারাপ হয়, আশাহত হয়। যার প্রভাব পড়েছে গোটা পরীক্ষার ফলাফলে।”
সেরা দশ
ফলের দিক দিয়ে যশোর বোর্ড সেরা হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি সিটি কলেজ খুলনা এবং তৃতীয় স্থানে যশোর ক্যান্টনমেন্ট কলেজ।
এরপর পর্যায়ক্রমে খুলনা ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল, খুলনা পাবলিক কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজ, যশোর সরকারি এমএম কলেজ, শেখ আকিজউদ্দিন কলেজিয়েট স্কুল যশোর, খুলনা বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং শেষ দশে রয়েছে সাতক্ষীরা সরকারি কলেজ।
