কারমাইকেল কলেজে শহীদ জননীর স্মরণ সভায় হামলা
রংপুরের কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে শহীদ জননী জাহানারা ইমামের স্মরণ সভায় দুর্বৃত্তদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওই স্মরণ সভার আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। তবে, কারা এ হামলা করেছে তা তাক্ষণিকভাবে জানা যায়নি।
হামলায় আহতদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, পাঠাগার সম্পাদক শাপলা রায় ও অর্থ সম্পাদক প্রিয়াংকা সরকারকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংগঠনটির কলেজ শাখার সভাপতি আবু রায়হান বকসি জানান,শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে শহীদ জননীর ম্যুরালের সামনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু।
তিনি বলেন, “বেলা ১টায় শোক র্যালি শেষে স্মরণ সভা শুরু হয়। সভা চলাকালে ১৮/২০ সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সভায় হামলা চালায়। এতে সংগঠনের ১২ নেতা-কর্মী আহত হয়।”
এ ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কলেজ অধ্যক্ষ বিনতে হোসাইন নাসরিন বানু বলেন, “বিষয়টি দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য কোতোয়ালি থানার ওসিকে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
কোতোয়ালি থানার ওসি আব্দুর কাদের জিলানী বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
