শিবিরের ধর্মঘটে রাবিতে ক্লাস-পরীক্ষা চলবে
ইসলামী ছাত্রশিবিরের নেতা রাসেল আলমের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে তার সংগঠন।
তবে ধর্মঘটে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ধর্মঘট প্রতিহতের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় শিবিরের প্রচার সম্পাদক ফরহাদ রেজার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়।
শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমন বলেন, “আমরা ২১ জুন বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে রাসেল আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি।
“তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।”
গত ১৬ জুন বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ফাইন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের একটি পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে।
এই হামলার প্রতিবাদে শিবিরের ডাকে ১৭ জুন রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আট ঘণ্টা হরতাল পালিত হয়।
রাসেলের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেছে শিবির। এছাড়া রাতে উপাচার্য ভবন ও একাডেমিক ভবনের সামনে হাতবোমার বিস্ফোরণও ঘটানো হয়।
ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, “ধর্মঘট ডাকার কথা জেনেছি। তবে আমরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রাখবো। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যাবে।”
ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন জানান, শিবিরের এই অযৌক্তিক ধর্মঘট সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
