২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের নতুন উপাচার্য রফিকুল আলম বেগ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক রফিকুল আলম বেগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:45 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের এই অধ্যাপককে চার বছরের জন্য  নিয়োগ দেয়া হয়।

জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২০১৩ সালের ৬ মার্চ থেকে উপ-উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি স্বপদে ফিরে যাবেন।

জনসংযোগ দপ্তরের কর্মকর্তা গোলাম মর্ত্তুজা বলেন, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে উপাচার্যের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বেগকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

বিকালে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

তিনি আরো বলেন,  রফিকুল আলম বেগ ১৯৭৯ সালে রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এম এস ডিগ্রি অর্জন করেন। এছাড়া ১৯৯৭ সালে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন।

১৯৮৪ সালে তিনি অত্র প্রতিষ্ঠানের যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

রুয়েটে শিক্ষকতাকালীন সময়ে তিনি সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, ডিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), যন্ত্রকৌশল বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

রাত সোয়া ৯টায় নবনিযুক্ত উপাচার্য রফিকুল আলম বেগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী চার বছরের জন্য এই নিয়োগ রুয়েটকে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে নেবেন তিনি।

সেই সঙ্গে ‍রুয়েটে বিরাজমান বিভিন্ন সমস্যা নিরসনে সচেষ্ট থাকবেন।

এ কাজে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সহায়তা কামনা করেন।