শাবিতে শিবিরের ধর্মঘট উপেক্ষা করে ক্লাস
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ধর্মঘট উপেক্ষা করে অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দুই দিনের ধর্মঘটের প্রথম দিন বুধবার সকাল থেকে পুলিশি পাহারায় শিক্ষক শিক্ষার্থীদের বাস চলাচল করতে দেখা গেছে। চলেছে ল্যাবের কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থী সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধর্মঘটের মধ্যেও ইউনিভার্সিটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক ভিড় ছিল।
এদিকে ধর্মঘটের সমর্থনে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের ইউনিভার্সিটি সেন্টারের সামনে ঝটিকা মিছিল বের করে শিবিরকর্মীরা। এই সময় ফুডকোর্টে থাকা পুলিশ এগিয়ে এলে শহীদ মিনার এলাকা দিয়ে পালিয়ে যায় তারা।
সিলেট মহানগর পুলিশের এডিসি (উত্তর) রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কীভাবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের বাহিরে সিলেট নগরীতেও ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে রাতে সব একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় শিবির সমর্থকরা। পরে সকাল সাড়ে ছয়টায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তালা খোলা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এহসানুল করিমসহ ১৪ নেতাকর্মীর স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ১২ ও ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে ছাত্রধর্মঘট ডেকেছে শিবির।
মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা ৭১’ এর নামফলক ভাংচুরেরর ঘটনায় শিবিরের এ নেতাকর্মীদের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
