২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাস পর রাবি প্রশাসনের দুঃখ প্রকাশ

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার এক মাস পর দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 02:54 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশের সঙ্গে ওই ঘটনা নিয়ে ফেইসবুকসহ ইন্টারনেটে চালানো ‘অপপ্রচারের’ বিরুদ্ধে হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বাতিলেরি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত ২ ফেব্রুয়ারি পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। সেদিন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ওই ঘটনার পর ক্যাম্পাস বন্ধ থাকার মধ্যে জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হল।

জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কয়েক দফা বৈঠকের কথাও জানান তিনি।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বর্ধিত ফি ও সান্ধ্য কোর্স বাতিলের আন্দোলনকে ‘রাজনৈতিক মহলের আন্দোলন’ বললেও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলন’ বলে উল্লেখ করা হয়।

ইলিয়াছ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপেক্ষিতে আন্দোলন চলাকালীনই প্রশাসন বর্ধিত ফি প্রত্যাহারের ঘোষণা দেয়। আর সান্ধ্য কোর্স বাতিলের যে দাবি তোলা হয়েছে, সে বিষয়ে প্রশাসন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না।

ওই আন্দোলনকে কেন্দ্র করে ফেইসবুকসহ ইন্টারনেটে সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে নানা ধরনের মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক তথ্য ও বক্তব্য প্রচার করা হচ্ছে বলে দাবি করেন জনসংযোগ পরিচালক।

“একটি বিশেষ মহল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হীন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদেরকে অবিলম্বে সংযত হওয়ার আহ্বান জানানো যাচ্ছে, অন্যাথায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।”

শুক্রবার আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে ক্যাম্পাস খুলে দেয়ার পাশাপাশি সান্ধ্য কোর্সের বিষয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার দাবি জানায়।

এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সকল মহলের সঙ্গে আলোচনা শুরু করেছি। আশা করি, এই সপ্তাহে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ