নিশ্চিত না হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নয়
শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করনোর আগে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন রয়েছে কিনা তা নিশ্চিত হতে শিক্ষার্থী-অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত ‘জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি’ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, অননুমোদিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বোর্ডের অধীন নিবন্ধন ও পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার কোনো সুযোগ নেই।
অনুমোদনহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার হওয়া ছাড়াও আর্থিক ক্ষতি এবং শিক্ষা জীবন বিপন্নের সম্মূখীন হচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানো থেকে বিরত থাকতে বলছে শিক্ষা বোর্ড।
সন্তান ভর্তির আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন আছে কি না তা নিশ্চিত হতে প্রয়োজনে শিক্ষা বোর্ডে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক বরাদ্দকৃত বিদ্যালয় কোড আছে কি না তা যাচাই করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভর্তিকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীর নিবন্ধন হয় কি না- এটা শিক্ষার্থীদের বোর্ড থেকে দেয়া নিবন্ধন কার্ডে ভর্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যাবে।”
ভর্তিকৃত প্রতিষ্ঠানের নামে শিক্ষার্থীর ফরম পূরণের মাধ্যমে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ আছে কি না তাও বোর্ড থেকে দেয়া প্রবেশপত্রে ওই প্রতিষ্ঠানের নাম ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন বা পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার কথায় বিশ্বাস করে সন্তানদের ওই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি বা পরীক্ষার ফরম পূরণের বিষয়ে সিদ্ধান্ত না নিতেও অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
