২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের ধর্মঘট চলছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

ছাত্রদলের আটক নেতাদের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শানিবার থেকে ধর্মঘট চলছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনের ছাত্রধর্মঘটের ডাক দেয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

কর্তৃপক্ষ বলছে ধর্মঘট চলাকালে কয়েকটি বিভাগ ছাড়া বাকিগুলোতে ক্লাস-পরীক্ষা হয়েছে। তবে, প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬/৭টি বিভঅগে শুধু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি বাস পুলিশ পাহারায় শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে ক্যাম্পাসে আসার পথে একটি বাসে ইট ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের জানালার একটি কাচ ভেঙে যায়, তবে কেউ আহত হয়নি।

ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

ফাইল

ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ছাড়া বাকি সব বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসে আসার পথে কয়েকজন যুবক ক্যাম্পাসের বাস লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পালিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ওমর ফারুক জানান, “দাবি আদায়ে আমরা শান্তিপূর্ণ ধর্মঘট পালন করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বার বার আশ্বাস দিয়েও দাবি পূরণ করছে না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

ক্যাম্পাসের গাড়ি ভাংচুরের সঙ্গে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, এর আগে ৫ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই দাবিতে ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রদল। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিশ্রুতিতে দুই দফায় ধর্মঘট স্থগিত করা হয়।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদসহ আটক অন্যান্য নেতাদের মুক্তি, ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতকরণ, বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারিসহ বিভিন্ন দাবিতে রোববারও এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক মামুনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন যেখানে ৪৫ থেকে ৪৭টি গাড়ি শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্যাম্পাসে আসে সেখানে শনিবার এসেছে ৬/৭টি গাড়ি। এসব গাড়িতে কয়েকটি বিভাগের পরীক্ষার্থীরা এসেছেন।