জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন নিয়েও শিক্ষকদের মতানৈক্য
বিদ্যমান সিনেটের অধিকাংশ সদস্যের মেয়াদ উত্তীর্ণ হয়েছে জানিয়ে ভিসি প্যানেল নির্বাচনের আগে তা হালনাগাদের দাবি তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক।
শনিবার নতুন কলা ভবনে ‘মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী শিক্ষকদের জোট’ সংবাদ সম্মেলন করে এই দাবি জানায়।
আগামী ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান সিনেটের ৯৩ সদস্যের মধ্যে ৭৮ জনেরই মেয়াদ শেষ হয়েছে বলে শিক্ষকরা দাবি করেন।
অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, “একটি গতিশীল বিশ্ববিদ্যালয়ে স্থবির সিনেট দিয়ে উপাচার্য প্যানেলের নির্বাচন গ্রহণযোগ্য নয়, নির্বাচনের আগে সিনেট হালনাগাদে আচার্য নির্দেশনা দেবেন বলে আমরা আশা করি।”
শিক্ষকদের একাংশের আন্দোলেনের মুখে অধ্যাপক আনোয়ার হোসেন ভিসি পদ থেকে সরে যাওয়ার পর ২২ জানুয়ারি পরিসংখ্যানের অধ্যাপক এমএ মতিনকে ভারপ্রাপ্ত ভিসি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এক মাসের মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনের ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেয়া হয় প্রজ্ঞাপনে। এরপর ২ ফেব্রুয়ারি উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করেন এমএ মতিন।
সংবাদ সম্মেলনে এটিএম আতিকুর রহমান, কেএম মহিউদ্দিন, আহমেদ রেজা, মুজিবুর রহমান, সোহেল আহমেদ, সৈয়দ নিজার আলম, রেজওয়ানা করিম ও সাজেদ আশরাফ করিমসহ আরো কয়েক শিক্ষক উপস্থিত ছিলেন।
