২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হল উদ্ধারের দাবিতে আন্দোলনে জগন্নাথের শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ‘তিব্বত হল’ দখলমুক্ত করতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা, যে ছাত্রাবাসটি ঢাকা-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম ২০০০ সাল থেকে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 10:00 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে দ্রুত ছাত্রাবাসটি উদ্ধারের দাবিতে বুধবার বেলা ১২টায় কয়েকশ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাহাদুর শাহ পার্ক ঘুরে রায়সাহেব বাজার মোড়ে শেষ হয়।

সেখানে প্রায় ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এসময় সদরঘাট থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তানমুখী যান চলাচল বন্ধ থাকে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

হল উদ্ধার আন্দোলনের সমন্বয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সাংসদ হাজি সেলিমকে উদ্দেশ্য করে বলেন, “ভূমিদস্যুরা বিশ্ববিদ্যালয়ের হল দখল করে জনপ্রতিনিধি সেজে বসেছেন। তিব্বত হল দখল করে গুলশান আরা সিটি শপিং কমপ্লেক্স করে তিনি কোটি কোটি টাকা আয় করছেন।”

ভূমিদস্যুদের উৎখাত না করা পর্যন্ত আন্দোলন চলবে জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় তারা মিছিল নিয়ে তিব্বত হল অভিমূখে যাত্রা করবেন। এরপর সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারকলিপি দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের পেছনের ফটকসংলগ্ন তিব্বত হলটি ২০০০ সাল থেকে দখল করে রেখেছেন হাজি সেলিম।

সরেজমিন দেখা গেছে, ছাত্রাবাসের মূল ভবনের বেশিরভাগ অংশই ভেঙ্গ নতুন স্থাপনা তৈরি করা হয়েছে। নতুন এই স্থাপনাই মার্কেট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা হাজী সেলিমের স্ত্রীর নামে করা হয়েছে।

তবে ওই সম্পত্তি নিজের বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হাজি সেলিম। তিনি বলেন, “যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পত্তির পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারে, তবে আমি তা ছেড়ে দেব।”

এর আগে বিষয়টি নিয়ে অনেক দেন-দরবার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পত্তির পক্ষে কোনো কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, “তৎকালীন জগন্নাথ কলেজের ছাত্ররা থাকত এমন সব সরকারি পরিত্যক্ত জায়গা পেতে আমরা সরকারের কাছে আবেদন করেছি। ইতোমধ্যে কয়েকটি পেয়েছি। তিব্বত হলের ব্যাপারেও চেষ্টা করা হচ্ছে।”