২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

চতুর্থ বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2014, 05:52 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

সকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে দিনব্যাপী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

দিনব্যাপী এ অলিম্পিয়াডে আরো ছিল পদার্থবিজ্ঞানের উপর এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর প্রশ্নোত্তর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আমিনুল হক ভূইয়া বলেন, আজকের শিক্ষার্থীরাই  আগামীতে দেশের নেতৃত্ব দেবে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করবে, যার মাধ্যমে তারা নিজেদের যোগ্য করতে তুলতে পারবে।

পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের প্রধান শাখা উল্লেখ করে আরো বেশি পরিসরে পদার্থবিজ্ঞানের গবেষণায় নিয়োজিত হতে শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, যারা পদার্থ বিজ্ঞান পারে তারা সব পারে। দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান পড়ার কোনো বিকল্প নেই। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার আহ্বান জানান।

পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ইয়াসমিন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম দস্তগীর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রধান অধ্যাপক বদিউজ্জামান ফারুক, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. ইউনুছ, অধ্যাপক এসএম সাইফুল ইসলাম, অধ্যাপক  শরীফ মো. শরাফ উদ্দিন প্রমুখ।

দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক জাফর ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ইয়াসমিন হক জানান, সত্যিকার অর্থে এটা কোনো প্রতিযেগিতা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে এটি একটি উৎসব ও মিলনমেলা।

সিলেট বিভাগের বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থী তিনটি ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বলে জানান তিনি।

পরে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়।

প্রতিযোগিতায় ৩টি ক্যাটাগরিতে ৬০ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদ দেয়া হয়। বিজয়ী শিক্ষার্থীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।