২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবির  শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 08:50 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে সমিতির নতুন নির্বাচিত প্রতিনিধিদের কাছে পুরনো কমিটির সদস্যরা দায়িত্ব হস্তান্তর করেন।

গত ১৬ জানুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ ১১টি পদের সব কয়টিতে নিরঙ্কুশ জয়লাভ করে।

নির্বাচনে রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন নির্বাচিত হন।

শিক্ষক সমিতিতে সহ-সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক নিয়াজ আহাম্মেদ, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মুয়্যিদ হাসান, কোষাধ্যক্ষ পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল আউয়াল বিশ্বাস নির্বাচিত হন।

নতুন সভাপতি অধ্যাপক মো. ইউনুস বলেন, "আমরা শিক্ষকদের শিক্ষার মান উন্নয়ন, নতুন গবেষণার ক্ষেত্র বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুপার শপ ও চিকিৎসার জন্য ইন্সুরেন্স ব্যবস্থার চেষ্টা চালিয়ে যাব।"

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নতুন সাধারণ সম্পাদক মো.ফারুক উদ্দিন।