২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষকদের নির্বাচনে অংশ নিচ্ছে ‘সাদা দল’

রাজনৈতিক অস্থিতিশীলতার কথা বলে প্রথমে বর্জনের সিদ্ধান্ত নিলেও শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের মোর্চা ‘সাদা দল’।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2013, 01:31 AM

Updated : 01 Sep 2026, 05:57 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মার্কেটিং বিভাগের অধ্যাপক একে ফজলুল হক শাহ।

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নির্বাচনে অংশ নেয়ার কথা নিশ্চিত করে সাদা দলের আহ্বায়ক সদরুল আমিন।

তিনি বলেন, “আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। দেশের এই সঙ্কটময় পরিস্থিতিতে নির্বাচন না করার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা শোনেননি। তাই বাধ্য হয়েই অংশ নিতে হচ্ছে।”

শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের জন্য প্রতিদ্বন্দিতা করছে আওয়ামীলীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ এবং বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ ।

নির্বাচনে তাদের প্যানেলের জয়ের আশাবাদ ব্যক্ত করে সদরুল আমিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনিয়ম হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ আমাদেরই নির্বাচিত করবেন।”

অন্যদিকে নীল দলের সভাপতি পদপ্রার্থী ফরিদ উদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত বছরে আমরা শিক্ষকদের জন্য অনেক কাজ করেছি পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। তাই জয় আমাদেরই হবে।”

নীল দল দলের প্রার্থী:

সভাপতি পদে বর্তমান শিক্ষক সমিতির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি পদে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট আ ব ম ফারুক, কোষাধ্যক্ষ পদে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ব্যাংকিং বিভাগের চেয়াম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের ডিন ও দুযোর্গবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মাকসুদ কামাল, যুগ্ম-সাধারণ পদে ক্রিমনোলজি বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য অধ্যাপক ড. জিয়াউর রহমান।

এছাড়া ১০ সদস্য প্রার্থিরা হলেন, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. এ  জে এম শফিউল আলম ভূঁইয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমা শাহীন, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক বিমান চন্দ্র বড়ুয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান, রসায়ন বিভাগের অধ্যাপক আফতাব আলী শেখ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিত রিজওয়ানা রহমান।

সাদা দল দলের প্রার্থী:

সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সহ-সভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক মো. আখতার হোসেন খান, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মামুন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে পাল ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া।

সাদা দলের সদস্য পদে ১০ প্রার্থী হলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক আবুল হাসনাত, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, পরিসংখ্যান, প্রাণ পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগরে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক লায়লা নূর ইসলাম, কলা অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক সদরুল আমিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ।