২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐচ্ছিক বিষয় বাড়িয়েছে জিপিএ-৫

প্রথমবারের মতো ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ হওয়ায় এবছর জেএসসি-জেডিসি পরীক্ষাতে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 09:31 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

পাসের হার, জিপিএ-৫ দুটোই বেড়েছে

এছাড়া সৃজনশীল পদ্ধতিতে শিক্ষক-শিক্ষার্থীদের অভ্যস্ততা ও উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের দক্ষতা বাড়ায় পাসের হার বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার দুই দশমিক ৯৭ শতাংশ বেড়ে এবছর ৮৯ দশমিক ৯৪ শতাংশ

অন্যদিকে জিপিএ-৫ পাওয়া উত্তীর্ণদের সংখ্যাও বেড়ে এক লাখ ২৫ হাজার ২৬৬ বেড়েছে ৪৬ হাজার ৯৪২ জন থেকে এবার ১ লাখ ৭২ হাজার ২০৮ হাজার হয়েছে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা এবং পাসের হার কমে যাওয়ার জন্য বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এইচএসসি পরীক্ষার সময়ের চেয়ে আরো বেশি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জেএসসি-জেডিসি পরীক্ষা হয়েছে। হরতাল-অবরোধে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা।

এইচএসসি’র খারাপ ফলের জন্য বিরোধী দলের কর্মসূচিকে দায়ী করলেও এবার শিক্ষামন্ত্রী বলছেন, “আগের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। কারণ তারা তো (বিরোধী দল) অনুপস্থিত না।”

তবে এবছর ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ হওয়ায় সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে বলেও দাবি করেন তিনি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান মনে করছেন, বাধ্যতামূলক আটশ নম্বরের সঙ্গে একশ ঐচ্ছিক নম্বর যোগ হওয়ায় এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তবে সার্বিক ফল ভালো হওয়ার জন্য সৃজনশীল প্রশ্নে শিক্ষার্থীদের অভ্যস্ত হয়ে ওঠা, গ্রামের স্কুলগুলোতে পাসের হার বেড়ে যাওয়া, সৃজনশীল প্রশ্নের আদলে ক্লাসে পড়ানো এবং সৃজনশীল উত্তরপত্র মূল্যায়নে শিক্ষককদের দক্ষতার বিষয়গুলোও ইতিবাচক ভূমিকা রেখেছে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে পরীক্ষা না হলে এবার ফল আরো ভালো হতো বলেও দাবি করেন তিনি।

এর আগে জেএসসি-জেডিসিতে নয়শ নম্বরের পরীক্ষা হলেও কোনো ঐচ্ছিক বিষয় ছিল না। এবার নয়শ নম্বরের সঙ্গে ঐচ্ছিক বিষয়ের একশ নম্বর বরাদ্দ ছিল।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম এ হুরাইরাও মনে করেন, বারবার পরীক্ষা স্থগিত না হলে পাসের হার আরো দুই থেকে তিন শতাংশ বাড়ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এবার রাজশাহী বোর্ডে জেএসসিতে ঐচ্ছিক বিষয়ের নম্বর বাদে ৮ হাজার ৯০০ শিক্ষার্থী জিপিএ ৫ পেলেও চতুর্থ বিষয়ের নম্বর যোগ হয়ে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৫২৩ জন।

আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার কোনো বিশেষ বিষয়ে ফল বিপর্যয় না হওয়া এবং সব বোর্ডের ফল তুলনামূলক ভালো হওয়ায় পাসের হার বেড়েছে।

জিপিএ বাড়িয়েছে ঐচ্ছিক বিষয়

পাসের হার বাড়ানোর জন্য ঐচ্ছিক বিষয়ের নম্বর কাজে না এলেও এই নম্বর যোগে শিক্ষার্থীদের জিপিএ বেড়েছে।

ফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর মাত্র ১ দশমিক ৫১ শতাংশ শিক্ষর্থী ‘ডি’ গ্রেড পেয়েছে। ‘সি’ গ্রেড পেয়েছে ১৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী।

অন্যদিকে ১৫ দশমিক ৯৫ শতাংশ ‘বি’ গ্রেড, ১৯ দশমিক ৯৬ শতাংশ ‘এ মাইনাস’ এবং ২৯ দশমিক ৯৪ শতাংশ শিক্ষার্থী পেয়েছে ‘এ’ গ্রেড। আর ‘এ প্লাস’ পেয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হুরাইরা বলেন, ঐচ্ছিক বিষয়ের নম্বর যোগ হওয়ায় শিক্ষার্থীদের মোট জিপিএ বেড়েছে। তাই ‘ডি’ ও ‘সি’ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে।

এবার বাধ্যতামূলক আটশ নম্বরের সঙ্গে ঐচ্ছিক বিষয়ের পাওয় জিপিএর সর্বোচ্চ তিন পয়েন্ট যোগ হয়েছে। অর্থাৎ, কোনো শিক্ষার্থী ঐচ্ছিক বিষয়ে জিপিএ ৫ পেলে সেখান থেকে মূল জিপিএ’র সঙ্গে সর্বোচ্চ ৩ পয়েন্ট যোগ হয়েছে।

ছিল প্রশ্ন ফাঁসের অভিযোগ

এবারের জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষার কয়েক দিন আগে থেকেই প্রশ্ন পাওয়া যাচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর ফলে জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হার বেড়েছে বলে মনে করছেন কেউ কেউ।

তবে শিক্ষামন্ত্রী দাবি করেছেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠলেও তদন্তে তার প্রমাণ মেলেনি। সাজেশন থেকে কিছু কমন পড়েছিল।

প্রশ্ন প্রণয়ন এবং বিতরণের ক্ষেত্রে ভবিষ্যতে আরো সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান নাহিদ।

বেড়েই চলছে পাসের হার

২০১০ সালে জেএসসি-জেডিসিতে ৭৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০১১ সালে ৮৩ দশমিক ৭১ শতাংশ এবং ২০১২ সালে ৮৬ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করে।

খাতা না আসায় ফল স্থগিত

বিদেশের আটটি কেন্দ্রের মধ্যে ত্রিপোলী কেন্দ্রর খাতা না আসায় সেখানে পরীক্ষায় অংশ নেয়া ১২ শিক্ষার্থীর ফল স্থগিত রয়েছে।

তবে শিক্ষামন্ত্রী বলছেন, খাতাগুলো খুব তাড়াতাড়িই দেশে চলে আসবে। এরপরেও ফল ঘোষণা করা হবে।