জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা
ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বন্ধ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি ইউনিটের তালা বদলের ঘটনায় প্রতিষ্ঠানটির ছয় নিরাপত্তা কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা ইউনিটের সহকারী রেজিস্ট্রার মো. আবুল কালাম মোস্তফা বাদী হয়ে শনিবার ওই মামলা করেন।
বৃহস্পতিবার রাত ১১ টা থেকে সাড়ে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে বলে এজাহারে বলা হয়েছে।
মামলায়, ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার প্লাটুন কমান্ডার মো. সামসুল হুদাসহ দুই সহকারী প্লাটুন কমান্ডার, দুই আনসার সদস্য ও এক নিরাপত্তা প্রহরিকে আসামি করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ জানান, এ ঘটনা তদন্তে শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) ড. অধ্যাপক মোনাজ আহমেদ নূরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিট থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত প্রক্টর দপ্তরের নাইট ভিশন ক্যামেরাটি বন্ধ ছিল। এছাড়া একাডেমিক ভবনের ১৪ তলায় কম্পিউটার ও আইসিটি ইউনিটে ওএমআর সিট রাখা কক্ষের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেয়া হয়।
ধারণা করা হচ্ছে তালা বদলিয়ে দুর্বৃত্তরা ওই কক্ষ থেকে ওএমআর সিট নিয়ে গেছে। এ সময় আনসার প্লাটুন কমান্ডার মো. সামসুল হুদা, সহকারী কমান্ডার হাসান আলী, আমিনুল ইসলাম, আনসার সদস্য রামচন্দ্র, নূর আমিন এবং নিরাপত্তা প্রহরি মো. সাজু মিয়া ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
