২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 04:28 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

সোমবার বিজয় দিবসের সকালে এ ঘটনায় ছাত্রদলকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ব্যাপক ভাংচুর চালায়। সংঘর্ষে আহত হন অন্তত ১০ জন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে বিশ্ববিদ্যালয় থানার ওসি মনিরুজ্জামান জানান।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুষ্ঠান শুরু হয় সকাল ৯টার দিকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের মতো ছাত্রলীগ ও ছাত্রদল আলাদা শোভাযাত্রা বের করে।

এ সময় ছাত্রদলের এক কর্মী ছাত্রলীগকর্মীদের দিকে ঢিল ছুঁড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরা সরে গেলে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ব্যাপক ভাংচুর চালায়।

ছাত্রদলের সভাপতি ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগকর্মীরা বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দিয়ে আমাদের ওপর চড়াও হলে আমরা এর প্রতিবাদ করেছি মাত্র।”

অন্যদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক শামীম খানের অভিযোগ, ছাত্রদলকর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর এই হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।