জাবি গ্রন্থাগারের বই বিক্রি স্থগিত
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পুরনো বই বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে গ্রন্থাগারের বারান্দায় ২৩টাকা কেজি দরে ৭ হাজার ৬শ ৮৮টি বই টেন্ডারে বিক্রির উদ্যোগের প্রতিবাদ করে শিক্ষার্থীরা।
এই বিষয়ে উপ-নিবন্ধক (গ্রন্থাগার) আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশে কাজ করছি, এটি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত।
২০১২ সালের ২৬ জানুয়ারির সিন্ডিকেট সভায় পুরনো এবং পাঠের অযোগ্য হয়ে পড়া বইগুলো বিভিন্ন বিভাগের সেমিনার গ্রন্থাগার দিয়ে দেয়া এবং বিক্রির সিদ্ধান্ত হয় বলে আমির হোসেন জানান।
সহকারী প্রক্টর ইব্রাহিম খালেদ বলেন, শিক্ষার্থীদের আপত্তিতে বই বিক্রির উদ্যোগ স্থগিত করা হয়েছে।
এর আগে কয়েকজন শিক্ষার্থীরা বলেন, বইগুলো মূল্যবান, অস্ট্রেলীয় হাইকমিশন, এশীয় ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দাতা সংস্থা থেকে উপহার পাওয়া। এ কারণে তারা প্রতিবাদ করেছেন।
