শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৪ ডিসেম্বর
বিরোধীদলীয় জোটের অবরোধের কারণে স্থগিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ ডিসেম্বর সকাল ১১টায় ভর্তি পরীক্ষা হবে।
গত ২৯ নভেম্বর এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও ১৮ দলের অবরোধের কারণে তা স্থগিত হয়ে যায়।
এবছর শেকৃবির তিনটি অনুষদে পাঁচশ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৪৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেব বলে জানান বশিরুল।
তিনি বলেন, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং জীববিজ্ঞান বিষয়ের উপর এমসিকিউ পদ্ধতিতে একশ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা হবে।
গ্রেডিং পদ্ধতিতে এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর আট গুণ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মেধা তালিকা করা হবে।
এবার কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরীনারী মেডিসিন অনুষদ ৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
