২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ৭ জন

অভ্যন্তরীণ সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার পর ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 07:52 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

শনিবার ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটি স্থগিতের পাশাপাশি কলেজ শাখা ছাত্রলীগ থেকে সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন স্থগিত কমিটির সভাপতি ফুয়াদ হোসেন পল্লব, সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইন, সহ-সভাপতি সাইফুল ইসলাম হেদায়েত, যুগ্ম-সম্পাদক ফয়েজ, বিজ্ঞান সম্পাদক উজ্জল খান, কর্মী সালাউদ্দিন সুমন ও কৌশিক আহমেদ সুমন।

এদিকে হাবিবুল্লা বাহার কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলেও জানান দপ্তর সম্পাদক রাসেল।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।

সদ্য বহিষ্কার হওয়া সাকিব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল কলেজের সামনে রাস্তায় ছিনতাই করে বলে তাদের কাছে অভিযোগ আসে। এনিয়ে তার কাছে জানতে চাইলে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সে বহিরাগতদের নিয়ে কলেজে হামলা চালায়।

পরবর্তীতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে রাতে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে রাত ১টার দিকে গুলিবিদ্ধ হন আসাদুজ্জামান আল ফারুক নামের স্নাতকোত্তর শ্রেণির এক শিক্ষার্থী। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি পঞ্চগড় জেলার পাতোয়ারি গ্রামে।

এদিকে এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা হয়েছে।

নিউমার্কেট থানার পরিদর্শক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শনিবার দুপুর ২টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান সুইম বাদী হয়ে উজ্জল খানসহ ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মুনিরুজ্জামান।