সরকারি বিদ্যালয়ে এবারো লটারিতে ভর্তি
গত তিন বছরের মত এবারো প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির বাধ্যবাধকতা রেখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার শিক্ষা মন্ত্রণালয় প্রচলিত ধারা অনুযায়ী আগের বছরের নীতিমালা পর্যালোচনা করে এই নির্দেশনা জারি করে।
নীতিমালায় বলা হয়েছে, “১ম শ্রেণিতে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে লটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।”
এতে বলা হয়, লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি অপেক্ষমান তালিকা প্রস্তুত করতে হবে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
২০১১ সাল থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে।
নীতিমালায় বলা হয়, দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করতে হবে।
আর জেএসসির ফলাফলের ভিত্তিতে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মোট ২০ শতাংশ কোটার কথা বলা হয়েছে নীতিমালায়।
এর মধ্যে মোট আসনের ১০ শতাংশ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থেকে পাসকরা শিক্ষার্থীদের জন্য রাখতে হবে।
এছাড়া মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য দুই শতাংশ কোটা রাখা হয়েছে।
এবার ভর্তির পরীক্ষার আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে একশ টাকা। তবে সেশন ফিসহ ভর্তি ফি সাতশ টাকার বেশি নেয়া যাবে না বলে নীতিমালায় বলা রয়েছে।
ফরম বিক্রির অর্থের অর্ধেক ভর্তি পরীক্ষার খরচ বাবদ এবং বাকি ৫০ শতাংশ ভর্তি কমিটির কাছে জমা দিতে হবে নীতিমালায় নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা মহানগরীতে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয় তদারকির জন্য ১৩ সদস্যের একটি কমিটি থাকবে। যার নেতৃত্বে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক।
এছাড়া নীতিমালা অনুযায়ী, জেলা পর্যায়ে প্রশাসকের নেতৃত্বে নয় সদস্যের এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি করতে হবে।
