২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর মেডিকেল কলেজের যাত্রা এ শিক্ষাবর্ষেই

২০১৩-১৪ শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে গাজীপুর মেডিকেল কলেজের যাত্রা শুরু হচ্ছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 07:40 PM

Updated : 23 Aug 2022, 07:19 PM

বুধবার দুপুরে গাজীপুরে প্রকল্প এলাকা পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১৮ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ মেডিকেলের প্রশাসনিক অনুমোদন দিয়েছে। নভেম্বরের মধ্যে ভর্তি শেষ করেই ক্লাশ শুরু হবে।

মহাপরিচালকের বরাত দিয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. শাহ আলম শরীফ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন বিষয়ে সিনিয়র সহকারী সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত একটি পত্র তারা পেয়েছেন।

আপাতত গাজীপুর সদর হাসপাতলের নতুন ভবনে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। নতুন চারতলা ভবনের নিচতলায় বহির্বিভাগ, দোতলা ও তৃতীয় তলায় শ্রেণিকক্ষ ও অধ্যক্ষের কার্যালয় স্থাপন করা হবে এবং চতুর্থ তলায় থাকবে ছাত্রীদের হোস্টেল। ছাত্রদের জন্য আপাতত বাইরে হোস্টেল ভাড়া নেয়া হবে।

ইতোমধ্যে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের পথে বলেও তিনি জানান।

সিভিল সার্জন আরো জানান, ইতোপূর্বে সারাদেশে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রমানুয়ায়ী ৫০ জনকে বাছাই করা হবে এ নতুন মেডিকেল কলেজে ভর্তির জন্য।

নভেম্বরেই ভর্তি শেষ করে ক্লাশ শুরুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বলেন তিনি।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সদর হাসপাতালকে ৫০০ শয্যার হাসপাতালে রূপান্তরের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর জন্য জমি অধিগ্রহণসহ ৯৮ কোটি টাকা বরাদ্দও দেয়া হয়। পাশাপাশি ট্রমা সেন্টারও স্থাপন করার কথা রয়েছে।

৫০০শয্যার হাসপাতালের কলেবর বাড়ানোসহ  চিকিৎসক ও কর্মচারীদের আবাসনের জন্য ছয় একর জমি অধিগ্রহণ করা হয়েছে। আর মেডিকেল কলেজের জন্য আরো জমি অধিগ্রহণ, জনবল নিয়োগ, আসবাবপত্র কেনা হবে।