২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদনমোহন কলেজে শিক্ষিকা লাঞ্ছিত, কর্মবিরতিতে শিক্ষকরা

শিক্ষিকাকে ‘ছাত্রলীগ’ ও ‘ছাত্রদল’ নেতাকর্মীদের লাঞ্ছিত করার বিচারসহ ছয় দফা দাবিতে সিলেটের মদনমোহন কলেজে শিক্ষকরা কর্মবিরতি শুরু করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 07:32 PM

সোমবার দুপুরে শিক্ষকরা ক্লাসে না গিয়ে কলেজের শহিদ মিনারে সমাবেশ করে কর্মবিরতির ঘোষণা দেন এবং অধ্যক্ষ বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্বারকলিপি দেন।

রোববার দুপুরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আসমা উল হুসনাসহ কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা।

মদন মোহন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মবশ্বির আলী শহিদ মিনারে সমাবেশে জানান, কলেজের ভর্তি ও পরীক্ষার ফি অনলাইনে গ্রহণের সিদ্ধান্তের পর এটি বানচাল করতে ‘ছাত্রলীগ ও ছাত্রদল’ নামধারীরা শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেছে।

শিক্ষকদের হাত থেকে প্রশ্নপত্র কেড়ে নেয়া, শিক্ষকদের রাস্তায় দাঁড় করিয়ে ব্যাগ তল্লাশিসহ নানাভাবে লাঞ্ছিত করছে।

অনলাইনে ভর্তি কার্যক্রম চললে ‘ছাত্রলীগ ও ছাত্রদল’ নামধারীরা ভর্তি বাণিজ্যের মাধ্যমে লাখ লাখ টাকা আয় করতে পারবে না বলে এতে বাধা দিচ্ছে, বলেন মবশ্বির।

তাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অন্যান্য দাবির মধ্যে কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করাও রয়েছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, সমস্যা সমাধানের জন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা চলছে।