২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকসুর তফসিল, ভোট ২ জানুয়ারি

আগামী ২ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে জাকসু নির্বাচনের তফসিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

দুই দশক পর উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন এবং উপাচার্য প্যানেল নির্বাচন দিয়ে বিদায় নেবেন তিনি।

জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম শাহনেওয়াজ বুধবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৬ নভেম্বর পর্যন্ত।

১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর ৫ ডিসেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ভোট দিয়ে জাকসুতে একজন সহ-সভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস), একজন সহ-সাধারণ সম্পাদক, একজন কমনরুম সম্পাদক, একজন মহিলা কমনরুম সম্পাদিকা, একজন সমাজ সেবা সম্পাদক, একজন সাহিত্য সম্পাদক, একজন সামাজিক চিত্তবিনোদন সম্পাদক, একজন নাট্য সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সহ-ক্রীড়া সম্পাদক এবং ৫ জন কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত করবে।

জাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং যথাসময়ে বাস্তবায়নে নির্দেশনা চেয়ে উপাচার্যের মাধ্যমে আচার্য আবদুল হামিদের কাছে মঙ্গলবার স্মারকলিপি দেয় ছাত্র ইউনিয়ন। তাদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টও নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

ছাত্রদল এই মুহূর্তে ছাত্র সংসদ নির্বাচনের ‘পরিবেশ’ নেই’ বলে দাবি করলেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম।

আন্দোলনের মুখে অধ্যাপক আনোয়ার বলেন, কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং পরবর্তী সময়ে সিনেট পুনর্গঠনের পর উপাচার্য প্যানেল নির্বাচনের মাধ্যমে একজন নির্বাচিত উপাচার্যের হাতে দায়িত্ব হস্তান্তর করে ২৪ জানুয়ারির মধ্যে তিনি তার আগের প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন।