‘বিজয় একাত্তর’ খুলতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নবনির্মিত আবাসিক হল ‘বিজয় একাত্তর’ ছাত্রদের জন্য উন্মুক্ত করে দিতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন হল উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি স্থাপনার ফলক উন্মোচন করবেন তিনি।
প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ক্যাম্পাসে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
তিনি জানান, প্রধানমন্ত্রী নতুন হলের উদ্বোধন ছাড়াও তরুণ শিক্ষকদের আবাসনের জন্য নির্মিত শহীদ আবুল খায়ের ভবন, এমবিএ ভবন (ইস্টার্ন উইং), চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য বঙ্গবন্ধু টাওয়ার ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য নির্মিত আবাসিক ভবনের ফলক উন্মোচন করবেন।
গত বছরের এই ১৪ নভেম্বরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ছাত্রীদের জন্য নির্মিত সুফিয়া কামাল হল, ছাত্রদের জগন্নাথ হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন, সমাজবিজ্ঞান ভবন, উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন করেন তিনি।
নতুন হল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন সাজে। সিনেট ভবনের আশপাশের রাস্তার পাশের ভবন ও দেয়ালগুলোতে পড়েছে রঙের আঁচড়।
ছাত্রলীগের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে এবং মহাজোট সরকারের বিভিন্ন ধরনের উন্নয়নমুখী স্লোগানে দেয়ালগুলো ভরিয়ে তোলা হয়েছে।
