২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের আড়াই ঘণ্টা পর মুক্ত চবি ট্রেনের চালক

অপহরণের আড়াই ঘণ্টা পর মুক্তি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের চালক বদি মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

Image
চবি ট্রেনে ‘ভাড়া তুলছে’ ছাত্রলীগ

চবি ট্রেনে ‘ভাড়া তুলছে’ ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ছাত্রদল কর্মীরা বদিকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ অভিযান শুরু করলে একটি অটোরিকশায় করে চালক বদিকে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কাছে পাঠিয়ে দেয়া হয়।  

শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেয় ছাত্রদলের একটি অংশ।চট্টগ্রাম শহর থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ক্যাম্পাসে যাওয়ার পথে ফতেয়াবাদ স্টেশন এলাকায় ছাত্রদলের অবরোধের মুখে পড়ে।

তবে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে ছাত্রদল কর্মীরা অবরোধ তুলে সরে যায়। 

এরপর ট্রেনটি বিশ্ববিদ্যালয় স্টেশনে পৌঁছালে ছাত্রদল কর্মীরা চালক বদিকে ধরে নিয়ে যায় বলে সহকারী প্রক্টর লিটন মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

এ ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের শ্রমিক-কর্মচারী সমিতি বিশ্ববিদ্যালয় রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির রফিকুল জানান, ট্রেন চালককে অপহরণের খবর পেয়ে তারা ছাত্রদল নেতাদের সঙ্গে যোগাযোগ করে বদিকে ছেড়ে দিতে বলেন এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামিয়া হাট এলাকায় অভিযান শুরু করেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে একটি অটোরিকশায় করে বদিকে পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেয়া হয় বলে রফিকুল জানান।

বদি পুলিশকে বলেছেন, চোখ বেঁধে তাকে একটি বস্তিতে নিয়ে যাওয়া হয়েছিল।

তবে এই অপহরণের ঘটনায় ছাত্রদলে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল আমাদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মীরা অবরোধ করেছে। তবে অপহরণ গুম- এসব ছাত্রদলের রাজনীতি নয়, কে বা কারা এ ঘটনা ঘটিয়ে ছাত্রদলের নাম দিচ্ছে।”