২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বন্ধের দাবিতে রিট

বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ক্যাম্পাস ও শিক্ষা কেন্দ্রের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে একটি রিট আবেদন হয়েছে হাই কোর্টে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

এহসান রিয়াজ তালুকদার নামের এক আইনজীবী সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন। তার পক্ষে আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।

রিটে শিক্ষা সচিব, আইন সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে বিবাদি করেছেন তিনি।

বাংলাদেশে পরিচালিত বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষা কেন্দ্র বন্ধে বিবাদিদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চেয়েছেন রিটকারী।  

পাশাপাশি এ ধরণের শিক্ষা কার্যক্রম পরিচালনায় আইন/বিধিমালা/নীতি প্রণয়নে বিবাদিদের কেন নির্দেশনা দেয়া হবে না- আ জানতেও আদেশ চেয়েছেন তিনি।

এছাড়া রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিদেশি বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোনো আইন/বিধিমালা/নীতি না করতেও সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয় রিটে।

আবেদনে বলা হয়, বাংলাদেশ ক্যাম্পাস বা শিক্ষা কেন্দ্র খুলে কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়। সরকার এসব অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও বেশ কয়েক বছর আগে প্রকাশ করে। বাংলাদেশে যারা এ ধরনের প্রতিষ্ঠান চালায় তাদের অনেকগুলো একেবারেই ভুয়া। যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারা কার্যক্রম চালানোর কথা বলে তাদের সঙ্গে এদের আদৌ যোগাযোগই নেই।

ইউনুস আলী বলেন, “গত সংসদে শিক্ষামন্ত্রী এই সব বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উল্লেখ করেন। ভিন্ন একটি সংখ্যা বলা হয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে। তবে তাদের কার্যক্রম রয়েছে বলে স্বীকার করেছেন সবাই।”

এই পরিস্থিতিতে গত ২৩ অগাস্ট এমনই একটি বিশ্ববিদ্যালয় একটি শীর্ষস্থানীয় দৈনিকে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞাপন দেয়, যা আইনত হতে পারে না বলে দাবি করেন রিটকারীর আইনজীবী।