শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ‘আজীবন’
বেসরকারি শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে চাকরির মেয়াদ থাকা পর্যন্ত বহাল থাকবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জাতীয় সংসদে ক্ষমতাসীন দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ১৩ জুন এ বিষয়ে প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়েছে।
নাহিদ বলেন, সরকার বেসরকারি শিক্ষক নিয়োগে পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০০৬ সংশোধন করে নিবন্ধন সনদের পাঁচ বছরের মেয়াদ বিলুপ্ত করেছে। এনটিআরসিএ কর্তৃপক্ষ এর আগে যাদের প্রত্যয়নপত্র দিয়েছে, তাদের ক্ষেত্রেও এ আদেশ কার্যকর হবে।
বেসরকারি স্কুল কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মান বজায় রাখতে ২০০৫ সাল থেকে পরীক্ষার মাধ্যমে এই নিবন্ধন সনদ দেয়া শুরু করে সরকার।
গত বছর পর্যন্ত মোট আটটি পরীক্ষায় যারাই এ সনদ পেয়েছেন তাদের সবার ক্ষেত্রেই সনদের মেয়াদই ‘আজীবন’ হবে।
গত নভেম্বর মাসে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারের কাছে এ বিষয়ে সুপারিশ করে।
সাংসদ রওশন জাহান সাথীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষা আইন-২০১৩ এর খসড়া চূড়ান্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সব বিশ্ববিদ্যালয়ে ‘অভিযোগ কমিটি’ গঠন করতে বলা হয়েছে। সে অনুযায়ী ২৪টি পাবলিক ও ৩১ বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি করা করেছে।
