রাবির একটি হলে খাবার বন্ধ, শিক্ষার্থীদের বিক্ষোভ
হলে খাবার চালুসহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি হলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।
শুক্রবার সকালে সৈয়দ আমীর আলী হলে বিক্ষোভ চলাকালে হল প্রাধ্যক্ষ ও প্রক্টর এসে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শান্ত হন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, হল প্রাধ্যক্ষ ডায়নিংয়ের দুই বাবুর্চিকে বরখাস্ত করায় গত তিনদিন ধরে সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থীদের খাবার বন্ধ আছে। এতে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্য হলে খাবার খেতে গিয়ে তারা বিড়ম্বনার শিকার হচ্ছেন। এছাড়া দীর্ঘদিন ধরে হলে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ এবং গেমস রুমে টেলিভিশন দেয়াসহ হলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দাবি জানিয়ে এলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রলীগ সমর্থন দিয়েছে বলে জানান সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুজ্জামান ইমন।
হল প্রাধ্যক্ষ মিজানুর রহমান খান জানান, এক সপ্তাহর মধ্যে ছাত্রদের সব দাবি পূরণ করা হবে। নতুন লোক নিয়োগ দিয়ে দ্রুত খাবার চালুর ব্যবস্থা করা হবে।
দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান মিলনও।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলে ছাত্রদের জন্য নতুন নিয়ম চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে এখন থেকে আবাসিক হলে রাত ১০টার আগে ফেরা এবং সকাল ৭টা পর্যন্ত অবস্থানের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার এক আদেশে এ নির্দেশ জারি করা হয় বলে জানান বঙ্গবন্ধু আবাসিক হলের প্রাধ্যক্ষ এস এম জাহিদ।
