রুয়েটে কম্পিউটার সেন্টারে চুরি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সেন্টারে শুক্রবার রাতে চুরি হয়েছে।
দুর্বৃত্তরা আটটি কম্পিউটারের যন্ত্রাংশ (সিপিইউ) নিয়ে গেছে বলে রুয়েট কর্তৃপক্ষ দাবি করছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ওই সেন্টারের দেখাশোনার দায়িত্বে থাকা তিন নিরাপত্তা প্রহরীকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মর্ত্তুজা আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ৮টি সিপিইউ চুরি হয়েছে।
“সকালে বিষয়টি দেখতে পেয়ে ওই ল্যাবের এক কর্মচারী আমাকে জানায়, যার ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে তিন লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।”
তিনি আরো বলেন, কম্পিউটারগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা সংক্রান্ত মূল্যবান ডাটা ছিল। থানায় সাধারণ ডায়েরি করা হবে।
তিনি বলেন, ঘটনা তদন্তে ড. শহীদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিন জানান, ভবনের পিছন দিকের একটি জানালার গ্রিল ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ওইদিকে অন্ধকার থাকায় নিরাপত্তা প্রহরীরা বুঝতে পারেনি।
