পলিটেকনিকে আবেদন ১২ জুন পর্যন্ত
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদন পূরণ বুধবার থেকে শুরু হয়েছে।
বুধবার কারিগরি অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুন পর্যন্ত টেলিটক মোবাইল থেকে দুইশ’ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
সরকারি পলিটেকনিক ইনস্টিটউট, ইনস্টিটউট অব গ্লাস অ্যান্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটউট এবং কুমিল্লার বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে ভর্তির জন্য আগামী ২১ জুন পরীক্ষা হবে।
এবার কারিগরি বোর্ডের অধীন ৪৯টি প্রতিষ্ঠানের প্রতিটিতে ৪০ জন করে মোট মোট ভর্তি করা হবে এক হাজার ৯৬০ জনকে ভর্তি করা হবে।
আগামী ১৭ জুন অধিদপ্তরের ওয়েবসাইটে www.techedu.gov.bd বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেক ২১ জুন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ জুন সকাল ১০টায়।
২০১১, ২০১২ ও ২০১৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপিএ-৩ এবং ন্যূনতম জিপিএ-৩ দশমিক ৫০ প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও কারিগরি বোর্ড অনুমোদিত দুই বছর মেয়াদী ট্রেড কোর্স পাস শিক্ষর্থীরাও আবেদনের সুযোগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
