শাবিতে ছুটি এগিয়ে হল ছাড়ার নির্দেশ
ছাত্রলীগের কমিটি গঠনের পর হামলায় ছয় নেতাকর্মী আহত হওয়ার প্রেক্ষাপটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কবির হোসেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১৯ মে। কিন্তু ক্যাম্পাসের পরিস্থিতির কারণে ছুটি এগিয়ে আনা হয়েছে। ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
অধ্যাপক কবির হোসেন জানান, ছুটি শেষে ২ জুন বিশ্ববিদ্যালয় খুলবে। তবে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ছুটির মধ্যেও যথারীতি চলবে।
দীর্ঘ ১০ বছর পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুর্বৃত্তদের হামলার শিকার হন সংগঠনের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী সুমন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
এর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি রঞ্জিত দেব। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন।
এরপর শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হলে শিহাব শাহরিয়ার রাহাত, সানি ও আরিফ নামের তিন ছাত্রলীগ কর্মী দুর্বৃত্তদের হামলায় আহত হন।
আর রোববার রাতে হামলায় গুরুতর আহত হন নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. ইমরান খান। সোমবার সকালে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
কেন্দ্রীয় নেতা সুমনের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশ ও ছাত্রলীগ কর্মী আহসানুল হক বাবুকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।
ওই বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ‘পদবঞ্চিত’ ছাত্রলীগ নেতাকর্মীরা।
নবগঠিত কমিটি বাতিলের পাশাপাশি ছাত্রলীগ নেতা ইমরান ও রঞ্জিতের ওপর হামলাকারীদের শাস্তি এবং ছাত্রলীগ নেতা উত্তম ও বাবুর বহিষ্কারাদেশসহ তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা।
‘অর্থ লেনদেনের মধ্য দিয়ে’ নতুন কমিটি করা হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
ধর্মঘটের কারণে সোমবার বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে। শিক্ষকদের আনা-নেয়ার বাস চলাচল করলেও সিলেট নগরী থেকে শিক্ষার্থীদের বাস ক্যাম্পাস পর্যন্ত আসতে পারেনি।
নগরীর সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় শিক্ষার্থীদের বাস থেকে নামিয়ে দেয় ধর্মঘট সমর্থকরা।
ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি অঞ্জন রায় বলেন, তিন দফা দাবি আদায় না হওয়ার পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তবে সংগঠনের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ বলেন, বহিষ্কারাদেশের বিষয়টি ‘আড়াল করতেই’ ধর্মঘট ডাকা হয়েছে।
