২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে এইচএসসি পরীক্ষা পেছাল

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও হেফাজতে ইসলাম হরতাল ডাকায় বৃহস্পতি ও রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 05:49 AM

Updated : 23 Aug 2022, 10:43 AM

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৯ মে বৃহস্পতিবারের পরীক্ষাগুলো আগামী ৩১ মে শুক্রবার হবে।

সকালের পরীক্ষাগুলো শুরু হবে সকাল ৯টায়। আর বিকালের পরীক্ষাগুলো হবে দুপুর ২টা থেকে।

আর ১২ মে রোববারের পরীক্ষাগুলো হবে আগামী ১ জুন। সেদিন সকালের পরীক্ষা সকাল ১০টায় এবং বিকালের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে।

এ নিয়ে হরতালের কারণে ছয় দিনে এইচএসসি ও সমমানের ৩৪টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।

বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে সকালে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ও কুটির শিল্প (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

আর ১২ মে রোববার সকালে ইসলাম শিক্ষা প্রথম পত্র এবং বিকালে সংস্কৃত দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারিত ছিল।

পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আর মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তির দাবিতে রোববার সারাদেশে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।

বুধবার হরতাল চললেও এদিন কোনো পরীক্ষা নেই।