২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

এক শিক্ষককে লাঞ্ছিত করার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 05:33 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহিনুর রশিদ সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাসানুজ্জামান তারেক ও সাংগঠনিক সম্পাদক এসএম শিহাবুজ্জামান শিহাবকে নিয়ে একটি কমিটি গঠন করেছে দলটি।

আগামী তিন দিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একটি সেমিস্টারের কিছু শিক্ষার্থীর দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করা নিয়ে কথার এক পর‌্যায়ে বিভাগের চেয়ারম্যানকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় ওই বিভাগের ছাত্র মো. আরিফুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।