রুয়েট শিক্ষার্থীদের ‘বাড়ি নিয়ন্ত্রণ’ যন্ত্র
স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবন করেছেন রুয়েটের দুই শিক্ষার্থী।
মঙ্গলবার এক প্রদর্শনীতে এই যন্ত্রটির বিভিন্ন দিক তুলে ধরেন উদ্ভাবক আব্দুর রাজ্জাক জনি এবং বিপ্লব হোসেন। তারা দু’জনেই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িত কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
মোবাইল ফোনের সহায়তায় দূরে থেকেও ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ন্ত্রণে কাজ করবে এটি।
আব্দুর রাজ্জাক ও জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যন্ত্রটিতে ডোর লক সিস্টেমও আছে যার মাধ্যমে দরজা তালাবদ্ধ করা এবং খোলা যাবে।
‘এজন্য প্রয়োজন হবে শুধু একটি গোপন সংখ্যা বা পাসওয়ার্ড।’
নিরাপত্তার কথা বিবেচনা করে যোগ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থাও। আঙ্গুলের ছাপ থেকে ব্যক্তিকে সনাক্ত করে কক্ষের দরজা খুলে দিতে পারবে যন্ত্রটি।
রাজ্জাক ও জনি বলেন, আপনি যদি আপনার বাসার ফ্যানটিকে বন্ধ না করে অফিসে কিংবা আপনার কর্মক্ষেত্রে চলে গেলেও এখন আর সমস্যা নাই। সেক্ষেত্রে অফিসে বসেই চাইলে বন্ধ করে দিতে পারেন বাসার ওই ফ্যানটি।
‘অথবা অফিস থেকে ফিরছেন, আপনি চান আপনার প্রবেশের আগেই আপনার ঘরের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রটি আগে থেকেই চালু হয়ে যাবে। শুধু একটি কমান্ডেই মোবাইল ফোনের মাধ্যমে এই কাজটি করা সম্ভব এই যন্ত্রটি দিয়ে।’
তড়িত কৌশল বিভাগের শিক্ষক সামিউল হাবিব বলেন, নিয়ন্ত্রণ ব্যবস্থাটি বাণিজ্যিকভাবে উত্পাদন করা হলে খুব কম দামে উচ্চমানের সেবা পাওয়া সম্ভব।
