সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদামর্যাদা বাড়ছে
প্রথম শ্রেণির পদমর্যাদা পাচ্ছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা।
সরকারের এ সিদ্ধান্তের ফলে এইউইওদের দীর্ঘ ১৬ বছরের দাবি পূরণ হতে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, “শিগগিরই এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। তার সম্মতি পেলেই আদেশ জারি করা হবে। আমরা সার্বিক বিষয়টিকে ইতিবাচক হিসাবেই দেখছি।”
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে দুই হাজার ৫৭৭টি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদের বিপরীতে এক হাজার ৬৭১ জন কর্মরত আছেন।
আর সারা দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে ৫০৫টি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্য থেকে ২০ শতাংশ পদোন্নতি পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হতে পারেন।
সে হিসাবে সর্বোচ্চ ১০১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা হওয়ার সুযোগ পান।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার্স সমিতি বলছে, এইউইওদের প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হলে প্রাথমিক শিক্ষায় আরো গতি আসবে।
সংগঠনটির সভাপতি মো. শহীদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়নেও ভূমিকা রাখবে।”
তিনি বলেন, এইউইওর পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ায় ‘যোগ্য মেধাবী’দের অনেকেই এ চাকরি করতে আগ্রহী হন না। অনেকে আবার এই পদে যোগ দিয়েও পরে অন্য জায়গায় চলে যান।
“১৯৯৬ সালে এইউইও পদে ৪২৯ জনকে নিয়োগ দেয়া হলেও তাদের মধ্যে এখন ৩০৯ জন কাজ করছেন। অন্যরা বিভিন্ন প্রথম শ্রেণির চাকরিতে চলে গেছেন।”
এইউইওদের প্রথম শ্রেণির পদ মর্যাদা দেয়া হলে এসব অসুবিধা দূর হবে বলেই মনে করেন শহীদ উল্লাহ।
তিনি বলেন, “যে যোগ্যতার ভিত্তিতে পিএসসি প্রথম শ্রেণির কর্মকর্তা নিয়োগ দেয় সেই একই শর্তে, একই যোগ্যতায় আমাদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসাবে নিয়োগ করা হয়েছে।”
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি এইউইওদের প্রথম শ্রেণির মর্যাদা দিতে বিভিন্ন সময় তিনবার সুপারিশ করে।
বিগত ১৬ বছর ধরেই তারা বিভিন্নভাবে পদমর্যাদা উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন বলে কামরুল জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার পরিকল্পনাও সরকারের আছে।
সেক্ষেত্রে প্রধান শিক্ষককের বেতন দুই গ্রেড বাড়িয়ে সহকারী শিক্ষকদের বেতনও বাড়ানো হবে বলে জানান তিনি।
