আইসিটি শিক্ষা গবেষণা কেন্দ্র হচ্ছে
শিক্ষা গবেষণায় তথ্যপ্রযুক্তি ব্যবহার সহজ করতে একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার।
আইসিটি মাস্টার প্ল্যানের কর্মপরিকল্পনা অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘বাংলাদেশ আইসিটি ইন এডুকেশন রিসার্চ সেন্টার’ (বিআইইআরসি) নামে এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এর ‘ফোকাল পয়েন্ট’ হিসাবে কাজ করবে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)।
প্রতিষ্ঠানটির পরিচালক আহসান আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে শিক্ষা সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই এ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।”
এজন্য ইতোমধ্যে একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হবে বলে জানান তিনি।
এই প্রস্তাবে বলা হয়েছে, আইসিটি শিক্ষা গবেষণা কেন্দ্র পরিচালনায় শিক্ষা সচিবকে সভাপতি করে ১০ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
‘ই-লার্নিং’, ‘ই-সার্ভে’, ‘ই-প্রশিক্ষণ’, ‘ই-প্রশ্নোত্তর’, ‘ই-ম্যানেজমেন্ট’ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল উপকরণ তৈরি এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আইসিটি ও মাল্টিমিডিয়া সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ তৈরির লক্ষ্যে এই গবেষণা কেন্দ্রে বিভিন্ন উপকরণ যোগান দেয়া হবে।
এছাড়া ব্যানবেইসের উদ্যেগে শিক্ষা প্রতিষ্ঠাগুলোর ই-ক্যাটালগ তৈরি করে ডিজিটাল গ্রন্থাগার এবং রিসার্চ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আরআইএমএস) প্রতিষ্ঠার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলেও আহসান আব্দুল্লাহ জানান।
তিনি বলেন, “ডিজিটাল গ্রন্থাগারের জন্য সফটঅয়্যার তৈরির কাজ শেষ হয়েছে। প্রথম দিকে কয়েকটি কলেজের গ্রন্থাগার এই ডিজিটাল লাইব্রেরিতে যোগ হবে। ধীরে ধীরে অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গ্রন্থাগারও এতে যোগ করা হবে।”
এই ডিজিটাল গ্রন্থাগার ও আরআইএমএস সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আইসিটি শিক্ষা গবেষণা কেন্দ্রের সেতুবন্ধন হিসাবে কাজ করবে।
ডিজিটাল লাইব্রেরিতে ই-ক্যাটালগ থাকবে জানিয়ে আহসান বলেন, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রকাশনা, গবেষণাপত্র ও বই ডিজিটাল ও ই-বুক আকারে এই গ্রন্থাগারে পাওয়া যাবে।
তবে কিছু বই ও গবেষণাপত্র কিনে ডাউনলোড বা প্রিন্ট করতে হবে জানিয়ে ব্যানবেইস পরিচালক বলেন, এজন্য একটি গেটওয়ে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করা হয়েছে।
