২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাস বাড়াতে পরীক্ষা কমছে মাধ্যমিকে

ক্লাসের সময় বাড়াতে মাধ্যমিক স্তরে বছরে তিনটির বদলে দুটি ‘টার্মিনাল’ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 05:36 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন পাঠ্যসূচি অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কারিকুলাম বিশেষজ্ঞদের সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এটা কার্যকর হবে।”

আগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের (মাধ্যমিক স্তর) প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর বছর শেষে বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী শ্রেণিতে যেতে হতো।

ফাহিমা বলেন, নতুন ব্যবস্থায় জুন মাসে অর্ধ-বার্ষিক এবং ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা হবে। ১২ দিন করে মোট ২৪ দিনে দুটি পরীক্ষা শেষ করবে শিক্ষার্থীরা। এতে করে ক্লাসের জন্য শিক্ষকরা আরো বেশি দিন দিতে পারবেন শিক্ষকরা।

এই সিদ্ধান্ত কার্যকর করতে চলতি বছরের একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হবে বলেও জানান তিনি।

ফাহিমা জানান, জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ডের (এনসিটিবি) বিশেষজ্ঞরা নতুন কারিকুলাম অনুয়ায়ী বছরে দুটি পরীক্ষা রাখার সুপারিশ করলে এ বিষয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। প্রতিষ্ঠান প্রধানরা এ বিষয়ে ইতিবাচক মত দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মাধ্যমিক পর্যায়ে বেশির ভাগ পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হওয়ায় শিক্ষার্থীদের মুখস্ত করার প্রবণতা কমে গেছে। তাই ক্লাস বেশি নেয়ার ওপর জোর দিতেই একটি টার্মিনাল পরীক্ষা বাদ দেয়া হয়েছে।

এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমবে উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে শিগগিরই অফিস আদেশ জারি করা হবে।”

দীর্ঘ ১৭ বছর পর চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ১০৪টি নতুন পাঠ্যবই চালু করেছে এনসিটিবি। বছরের প্রথম দিনই এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।