মন্ত্রীর আশ্বাস, শিক্ষকদের কর্মসূচি স্থগিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সময় চাওয়ায় লাগাতার অনশনসহ সব কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করেছেন এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
তিনি বলেন, “মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিন মাসের মধ্যে তিনি আমাদের বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।”
“এমপিও নিয়ে সরকার আন্তরিক। মন্ত্রী নিজেও আমাদের জন্য লড়াই করছেন। এই অবস্থায় আমরা আমাদের কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করছি।”
শিক্ষকদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠকের পর শিক্ষামন্ত্রী বলেন, “তাদের সঙ্গে আমরা সব বিষয়ে কথা বলেছি। তারাও আমাদের কথা শুনেছেন। আমরা তিন মাস পরে আবার বসব এবং বিষয়গুলো পর্যালোচনা করব। এমন কর্মসূচির ভিত্তিতে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। আমি তাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছি। তারা বাড়ি ফিরে যাবেন।”
এই তিন মাসের মধ্যে আন্দোলনরত শিক্ষক নেতা ছাড়াও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
তবে শিক্ষকদের ওপর পুলিশের পেপার স্প্রে নিক্ষেপ এবং আন্দোলন শুরুর ১২ দিন পরে কেন শিক্ষকদের বৈঠকে ডাকা হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি শিক্ষামন্ত্রী।
বৈঠকে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এশারত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে সাত দিনের মধ্যে শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারেন।
“বর্তমান প্রধানমন্ত্রীর সময়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না বলেই আমরা বিশ্বাস করি।”
তিন মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে আন্দোলনের নতুন কর্সসূচি দেয়া হবে বলে জানান এই শিক্ষক নেতা।
এমপিওভুক্তির দাবিতে গত ৭ জানুয়ারি থেকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও অনশণ কর্মসূচি পালন করে আসছিলেন কয়েকশ শিক্ষক-কর্মচারী।
দাবি আদায়ে শিক্ষা ভবন ঘেরাও করতে গেলে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করার সময় শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর শিক্ষকরা আমরণ অনশনের কর্সসূচি ঘোষণা করেন। শহীদ মিনার, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয় এবং সংসদ ভবনের সামনে থেকেও তাদের তুলে দেয় পুলিশ।
এরইমধ্যে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, এমপিওর দাবি পূরণে তারা আন্তরিক হলেও অর্থ বরাদ্দ না থাকায় এই মুহূর্তে তা সম্ভব নয়।
শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এমপিওভুক্তির দাবিতে গত মে মাসে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক হয়। পরে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।
এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
