ইবিতে ক্লাস হয়নি বেশিরভাগ বিভাগে
আন্দোলনের মুখে প্রায় পাঁচ মাস পর শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিলেও রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি।
শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেও নিরাপত্তাহীনতার কারণে তারা ক্যাম্পাসে যেতে পারছেন না।
রোববার প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের শিক্ষকরা কয়েকটি বিভাগে ক্লাস নিয়েছেন। এদিনে ২২টি বিভাগের মধ্যে ছয়টি বিভাগে ক্লাস হয়েছে।
এর আগে শনিবার ইবির আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলায় ২৫ শিক্ষক আহত হন। অবশ্য ছাত্রলীগ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
শিক্ষকদের উপর হামলাকারীদের বিচার ও শাস্তি দাবি করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নজিবুল হক বলেন, ক্লাসে ফেরার ঘোষণা দিলেও নিরাপত্তা না পেলে আমাদের পক্ষে ক্যাম্পাসে আসা সম্ভব নয়।
এদিকে আন্দোলন স্থগিতের আশ্বাস দিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি। স্মারকলিপিতে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের বিচার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
সিন্ডিকেটে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলীর পদত্যাগের দাবিতে গত বছরের ৭ সেপ্টেম্বর আন্দোলন শুরু করে ছাত্রলীগ। একই দাবিতে ৯ নভেম্বর থেকে শিক্ষকরাও আন্দোলনে নামেন।
ওই আন্দোলনের এক ধাপে ইবিতে ক্লাস-পরীক্ষসহ সব ধরনের প্রতিষ্ঠানিক কাজ বন্ধ হয়ে যায়।
দীর্ঘ তিন মাসেরও বেশি ক্যাম্পাস অচল থাকার পর গত ২৭ ডিসেম্বর উপাচার্য ড. এম আলাউদ্দিনকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে তার পদে নিয়োগ দেয়া হয়। সেইসঙ্গে অব্যাহতি দেয়া হয় উপ-উপাচার্যকে।
তবে দাবিগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আরো কয়েকদিন আন্দোলন চালানোর পর রোববার থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছিল শিক্ষকরা।
