২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মো. শহীদুল ইসলাম খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 12:58 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

এমপিওবিহীন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে শিক্ষকরা শিক্ষা ভবনের দিকে এগোতে থাকলে তাদের বাধা দেয় পুলিশ। শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদের ওপর মরিচের গুঁড়োর (পিপার) স্প্রে ব্যবহার করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি)সৈয়দ নুরুল ইসলাম বলেন, “শিক্ষকরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করায় তাদের ওপর বিশেষ ওই স্প্রে ব্যবহার করা হয়।”

পুলিশের বাধা পেয়ে শিক্ষকরা আবারো প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। এতে পল্টন-শাহবাগ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট।

আগের দিন প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন এসব শিক্ষক।

তারা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।

এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।