নোয়াখালীতে ভর্তি পরীক্ষা স্থগিত, অভিভাবকদের বিক্ষোভ
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করায় শুক্রবার সকালে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করায় শুক্রবার সকালে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
বৃহস্পতিবার রাতে Ôঅনিয়মের’ অভিযোগ এনে এই স্কুলের দুটি শ্রেণির ভর্তি পরীক্ষা বাতিল এবং শুক্রবার সকালে অনুষ্ঠেয় ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করেন স্কুল পর্ষদের সভাপতি জেলা প্রশাসক।
তবে স্কুলের শিক্ষকরা অভিযোগ করেছেন, জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম নিজের পছন্দের শিক্ষার্থীদের ‘সুবিধা’ দিতে না পেরে এ ব্যবস্থা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শীত উপেক্ষা করে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে শহরের একমাত্র সরকারি বালিকা বিদ্যালয়ে ভিড় করতে থাকে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা। কিছুক্ষণ স্কুল প্রাঙ্গণে অপেক্ষার পর তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত হয়েছে।
অভিভাবকরা বেলা ১১টা পর্যন্ত স্কুল ও আশপাশে ঘোরাঘুরি করেন। পরে তারা একত্রিত হয়ে স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এ সময় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজটের।
বিক্ষোভ চলাকালে অভিভাবকরা প্রশাসন ও শিক্ষকদের দ্বন্দ্ব নিরসন করে সন্তানদের ভর্তির প্রক্রিয়া শেষ করার দাবি জানান।
পরে বেলা ১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. ফেরদৌস খান ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা রাস্তা ছেড়ে যায়।
শিক্ষক ও অভিভাবকরা জানান, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পঞ্চম ও সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা হয়। প্রথম দিনের পরীক্ষায় মোট ২৬০টি আসনের জন্য ৮০৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। ওই পরীক্ষার ফলাফল আগামী শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করার কথা।
এছাড়া শুক্রবার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল, যা স্থগিত করেন জেলা প্রশাসক।
বৃহস্পতিবার পরীক্ষা শেষে ফলাফল প্রকাশ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক ও জেলা প্রশাসকের মধ্যে রাতে কথা হয়। এরপর ভর্তি কমিটির সভাপতি হিসেবে রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসক কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জরুরি নোটিশ পাঠান।
নোটিশে পরীক্ষা গ্রহণে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের ‘অসৌজন্যমূলক আচরণ’সহ নানা অভিযোগ এনে বৃহস্পতিবারের পরীক্ষা বাতিল এবং শুক্রবারের পরীক্ষা স্থগিতের আদেশ দেয়া হয় বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক মতিলাল সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসক নিজের পছন্দের শিক্ষার্থীদের পাস করানোর জন্য উত্তরপত্রগুলো পরীক্ষা কেন্দ্র থেকে নিজ কার্যালয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি নানা অজুহাতে পরীক্ষা বাতিল ও স্থগিতের ঘোষণা দেন।”
অন্যদিকে জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “এর আগে বিদ্যালয়ের শিক্ষকরাই ভর্তির প্রশ্নপ্রত্র তৈরি করতেন। যেসব শিক্ষার্থী ওই স্কুলের শিক্ষকদের কাছে কোচিং করত, তাদের আগেই প্রশ্নপত্র সম্পর্কে জানিয়ে দেয়া হতো।”
এবার জেলা প্রশাসন থেকেই প্রশ্নপত্র তৈরি করে দেয়া হয়। আর এতে ‘কোচিং করা’ শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো না করায় শিক্ষকরা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে অসযোগিতা করতে থাকেন বলে অভিযোগ করেন জেলা প্রশাসক সিরাজুল ইসলাম।
তিনি বলেন,“শিক্ষকরা পরীক্ষার টেবুলেশন শিটও ফাঁস করে দেন। এ কারণেই বৃহস্পতিবারের পরীক্ষার ফলাফল বাতিল ও শুক্রবারের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।”
