২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাপনী পরীক্ষা: প্রাথমিকে জিপিএ ৫ বেড়েছে এক লাখের বেশি

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় এবার দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ, অর্থাৎ ৫ এ ৫ পেয়েছে, যা গতবারের তুলনায় প্রায় এক লাখ ২০ হাজার বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় এবার দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ, অর্থাৎ ৫ এ ৫ পেয়েছে, যা গতবারের তুলনায় প্রায় এক লাখ ২০ হাজার বেশি।

এর মধ্যে প্রাথমিক সমাপনীতে জিপিএ ৫ পয়েছে ২ লাখ ৩০ হাজার ২২০ ছাত্রছাত্রী। আর ইবতেদায়ী সমাপনীতে দুই হাজার ৯২০ জন।

প্রাথমিকে এবার পাস করেছে ৯৭ দশমিক ৩৫ শতাংশ, যা গতবারের তুলনায় সামান্য বেশি। গত বছর এই শ্রেণির পরীক্ষার্থীদের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ পাস করেছিল।

ইবতেদায়ীতে এবার পাসের হার ৯২ দশমিক ৪৫ শতাংশ, গতবার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ।

প্রাথমিক সমাপনীতে প্রথমবারের মতো গ্রেড পদ্ধতিতে দেয়া ফলাফলে গতবার জিপিএ-৫ পায় এক লাখ পাঁচ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী। আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ অর্জন করে ২ হাজার ১৫০ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেন।

পরে বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।

একই দিনে অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষার ফল ঘোষণা করা হয়, যাতে এবার ৮৬ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

চলতি বছর ২১ থেকে ২৯ নভেম্বর ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকে ও ইবতেদায়ীতে এবার সাত বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল। এ বিভাগের প্রাথমিকে ৯৯ দশমিক ১৯ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৬ দশমিক ৭৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

প্রাথমিকের বিভাগওয়ারি ফলাফলে রাজশাহীতে ৯৭ দশমিক ৬ শতাংশ, খুলনায় ৯৮ দশমিক ৫৪ শতাংশ, ঢাকায় ৯৭ দশমিক ১০ শতাংশ, চট্টগ্রামে ৯৭ শতাংশ, সিলেটে ৯৫ দশমিক ৩৪ শতাংশ ও রংপুরে ৯৮ দশমিক ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার।

আর ইবতেদায়ীতে রাজশাহী বিভাগে ৯২ দশমিক ৭৮ শতাংশ, খুলনায় ৯৫ দশমিক ৪২ শতাংশ, ঢাকায় ৮৯ দশমিক ৯৭ শতাংশ, চট্টগ্রামে ৯১ দশমিক ৮৫ শতাংশ, সিলেটে ৮৯ দশমিক ৪৭ শতাংশ ও রংপুরে ৯৪ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

জেলাওয়ারি হিসাবে প্রাথমিকে সবচে বেশি ফল দেখিয়েছে লালমনিরহাটের শিক্ষার্থীরা। এ জেলায় পাশের হার প্রায় শতভাগ। আর ইবতেদায়ীতে বরগুণা জেলায় দেশের মধ্যে সবচেয়ে বেশি, ৯৯ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।