২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি উপাচার্য-শিক্ষক সমিতি বিতণ্ডা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচর্যকে প্রশাসনিক কাজ করতে নিষেধ করায় শিক্ষক সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচর্যকে প্রশাসনিক কাজ করতে নিষেধ করায় শিক্ষক সমিতির কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপাচার্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শাহজাহান আলীর কক্ষে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে ভারপ্রাপ্ত উপাচার্য ও শাপলা ফোরাম নেতাদের কথা কাটাকাটি হয়। একপক্ষ আরেক পক্ষকে গালাগাল দেয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানায়।

শিক্ষক সমিতির এ দাবির পক্ষে আছে বঙ্গবন্ধু পরিষদ এবং জিয়া পরিষদ।

অপরদিকে অধ্যাপক ড. শাহজাহান আলীর পক্ষে আছে শাপলা ফোরাম।  

শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, জামাত-বিএনপি ও বঙ্গবন্ধু পরিষদের কয়েকজন শিক্ষক অধ্যাপক ড. শাহজাহান আলীকে প্রশাসনিক কাজে বাধা দিয়ে ১৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবস পালন করতে নিষেধ করেন।

“তখন আমরা এর প্রতিবাদ করি। এ ধরনের রাষ্ট্রীয় কাজে কেউ বাধা দিলে আমরা তা প্রতিহত করব,” বলেন তিনি।

ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, “পবিত্র জাতীয় দিবসে আমরা কোনো দুর্নীতিবাজকে ক্যাপাসে দেখতে চাই না। তাই তাদের ক্যাম্পাসে না আসার অনুরোধ করেছি। জাতীয় দিবস পালনে বাধা বাধা দিইনি।”

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ বলেন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। শিক্ষকদের আন্দোলনের মুখে দীর্ঘদিন তারা ক্যাম্পাসে আসতে পারেননি।

“কোষাধ্যক্ষ আজ ক্যাম্পাসে এলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাকে প্রশাসনিক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন। এ সময় সুবিধাভোগী দুর্নীতিবাজ কতিপয় শিক্ষক ইবি শিক্ষক সমিতির নেতাকর্মী ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেছে।”

জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ড. মোঃ আলীনুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, “উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অবাঞ্চিত ঘোষণা করেছি। আমরা ভারপ্রাপ্ত উপাচার্যকে ক্যাম্পাসে না আসার অনুরোধ করেছি।”

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, “প্রশাসনিক কার্যক্রম চলাকালে আমার দপ্তরে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ও জিয়া পরিষদের নেতাকর্মীরা হুমকি দিয়েছেন।”

গত ৯ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ক্যাম্পাস অচল হয়ে আছে। বন্ধ রয়েছে সকল ক্লাস-পরীক্ষা।