ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইডেন কলেজে ছাত্রী বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় গঠিত এই কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (কলেজ) আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ) ও ঢাকা কলেজের অধ্যক্ষ।
মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, “এই কমিটি ইডেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, অপমান করা, ভীতি প্রদর্শন ও আক্রমণ করার সঙ্গে জড়িতদের সনাক্ত করবে।”
এছাড়া কলেজ ছাত্রাবাসে ভাংচুরকারীদের সনাক্তকরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্যাম্পাসের গাড়ি ভাংচুরকারীদেরও সনাক্ত করবে এ কমিটি।
ছাত্রী বিক্ষোভ ও ভাংচুরের ঘটনার সঙ্গে অন্য কোনো পক্ষ বা বাইরের কোনো ব্যক্তি-সংগঠন জড়িত আছে কি না, তাও সনাক্ত করতে কমিটিকে বলা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সিট বরাদ্দের বর্তমান নিয়মের পরিবর্তন চেয়ে বুধবার দিনভর অধ্যক্ষ রওশন আরাকে অবরুদ্ধ করে রাখে ইডেনের ছাত্রাবাসের শিক্ষার্থীরা। রাতে পুলিশ গিয়ে অধ্যক্ষকে উদ্ধার করে।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের ‘নির্দেশে’ কলেজের কর্মচারীরা তাদের ওপর হামলা চালায়।
‘হামলার’ বিচার এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে বৃহস্পতিবার মানববন্ধনও করে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১৫৫ ঘ.
bdnews24