২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যক্ষের অপসারণ দাবিতে ইডেনে মানববন্ধন

শিক্ষার্থীদের ওপর কর্মচারীদের ‘হামলার’ বিচার এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের ওপর কর্মচারীদের ‘হামলার’ বিচার এবং অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের উপ কমিশনার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাজারখানেক ছাত্রী কলেজের সামনে মানববন্ধন সড়কের একাংশের যান চলাচল বন্ধ করে মানবন্ধন শুরু করেন। পরে তারা যান চলাচলের জন্য রাস্তা ছেড়ে দেন। এর মধ্যে বৃষ্টি শুরু হলেও ছাত্রীদের কর্মসূচি চলতে থাকে। এ সময় তাদের হাতে ‘হামলার নির্দেশদাতা অধ্যক্ষের অপসারণ চাই’, ‘মাস্টার্স পর্যন্ত হলের সিট বরাদ্দ চাই’, ‘নতুন হলের উদ্বোধন করতে হবে’, ‘শিক্ষকদের ভাষা ও আচরণ সংযত করতে হবে’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। ইডেন কলেজের নিয়ম অনুযায়ী, স্নাতক পরীক্ষা শেষ হওয়ার পর ছাত্রীনিবাসের সিট বাতিল হয়ে যায়। এরপ স্নাতকোত্তর পর্বে ভর্তি হওয়ার পর নতুন করে সিটের আবেদন করতে হয়। এ কারণে শিক্ষার্থীর স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া পর্যন্ত একটানা ছাত্রীনিবাসে থাকার সুযোগ চেয়ে আসছিলেন। এ দাবিতে শিক্ষার্থীরা বুধবার দিনভর অবরুদ্ধ করে রাখে অধ্যক্ষ রওশন আরাকে। পরে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের নির্দেশে কলেজের কর্মচারীরা ছাত্রীদের ওপর হামলা চালায়। এর প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে কলেজের প্রশাসনিক ভবনে ভাংচুর চালায় শির্ক্ষার্থীরা। শিক্ষকদের কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। অবশ্য অধ্যক্ষ রওশন আরা কর্মচারীদের হামলার নির্দেশ দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওই ধরনের কোনো ঘটনা তার জানা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৩৫০ ঘ.