ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
মঙ্গলবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়।
সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞাপন কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে উচ্চ আদালত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
কর্মকর্তা-কর্মচারী নিয়োগে গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার চাকরিচ্যুত তিন কর্মচারী এই রিট আবেদন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি রক্ষা ও পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১২ অগাস্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ১৪ অগাস্ট তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। এ আদেশের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার বিচারপতির আদালতে গেলে আদালত হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে।
১২ অগাস্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ওই বিজ্ঞাপনে ৯ ক্যাটাগরির ৭৫টি পদে দরখাস্ত চাওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি দেয়া এক রায়ে হাই কোর্ট বিগত চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ অবৈধ ঘোষণা করে।
ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিলে এ মামলায় পক্ষভুক্ত চাকরি হারানো কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে নিয়োগের বয়সসীমাও শিথিলযোগ্য থাকবে।
কিন্তু রায় অনুসারে সবাইকে চাকরিচ্যুত না করে পুনঃনিয়োগ প্রক্রিয়া শুরু করায় ওই রায়ে চাকরি হারানো ৬ কর্মচারি প্রথম রিটটি দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এইচএ/১৯৩৯ ঘ.
bdnews24