রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধের সময় বাড়ানো হয়েছে।
এছাড়া সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাবর্ষও বাড়ানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়টির অষ্টম সমাবর্তন হওয়ার কথা রয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবর্তনের নিবন্ধের তারিখ ৬ অক্টোবর থেকে বাড়িয়ে ১৮ অক্টোবর করা হয়েছে।
তিনি বলেন, ইতোপূর্বে বিজ্ঞপ্তিতে ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর ও এমবিবিএস শিক্ষার্থীদের নিবন্ধের জন্য বলা হয়েছিল। তা বাড়িয়ে ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সোমবার সমাবর্তন আয়োজক কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।
এছাড়া ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সময়ের যেসব শিক্ষার্থী মূল সনদ তুলেছেন তারাও সনদ জমা দিয়ে সমাবর্তনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে নিবন্ধনের সময়ই মূল সনদ দাখিল করতে হবে।
টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধন ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সভাকক্ষ থেকে ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত সরাসরি নিবন্ধন ফরম সংগ্রহ এবং একইস্থানে জমা দেয়া যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটি www.ru.ac.bd/con12 থেকেও নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24