ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষক-কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান।
সভার পর তিনি সাংবাদিকদের বলেন, “বেসরকারি শিক্ষকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।”
সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষকরা গত বছর জানুয়ারি থেকে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পেলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষকদের জন্য এ ছুটি নির্ধারিত ছিল না।
বেসরকারি শিক্ষক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে আন্দোলন করে আসছিল। এই প্রেক্ষাপটে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এই বৈঠক করেন নাহিদ।
সভায় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোও সিদ্ধান্ত হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে এ বিষয়ে কথা হয়েছে। যুক্তিসঙ্গতভাবে এসব ভাতা বাড়ানো হবে।”
মন্ত্রী বলেন, শিক্ষক সংগঠনগুলো আলাদা আলাদাভাবে নিজেদের দাবি উপস্থাপন করলেও অনেকগুলো দাবি একই রকম। তাদের সব দাবি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ ‘ইনডেক্সধারী’ শিক্ষক-কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়- এ কথা জানিয়ে গত ২৭ অগাস্ট শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্রটি জারি করে।
সংগঠনগুলোর সঙ্গে সভায় সিদ্ধান্ত হয়, একটি তৃতীয় বিভাগ/শ্রেণী প্রাপ্তরাও আবেদন করতে পারবেন। শিগগিরই এ বিষয়ে নতুন পরিপত্র জারি করা হবে।
এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরি বিধিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে এবং শূন্যপদে নিয়োগ করা শিক্ষকদের এমপিভুক্ত করে নেয়া হবে বলে মন্ত্রী জানান।
এছাড়া তিনি শিক্ষক নেতাদের অন্য দাবিগুলো নিয়ে আলোচনা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আগামী ৩০ সেপ্টেম্বর ডাকা শিক্ষক মহাসমাবেশ স্থগিতের আহ্বান জানান।
নাহিদ জানান, শিক্ষক নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতো আলাদা কমিশন গঠন করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
অন্যদের মধ্যে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুল হক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আবদুর রশীদ, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম আলো, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব এস এম এ জলিল, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরীসহ ১৭টি শিক্ষক সংগঠনের নেতারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭০৫ ঘ.
bdnews24