২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হলো

পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হচ্ছে, যা ৬ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর শুরু হচ্ছে, যা ৬ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এ এইচ এম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর ৮টি অনুষদের ৪৯টি বিভাগে আসন সংখ্যা ৩ হাজার ৬১৫। এর বিপরীতে আবেদন করেছে দুই লাখ ৪২ হাজার ২৬৪ শিক্ষার্থী। গত শিক্ষাবর্ষে প্রতিযোগী ছিল এক লাখ ৩১ হাজার ১৫৯ জন। আসলাম হোসেন বলেন, পরীক্ষার্থী বেশি হওয়ায় ভর্তি পরীক্ষা দুই দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। এবার শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবনেই শুধু ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ কারণে স্থানের কথা বিবেচনা করে ১৬টি ইউনিটের মধ্যে এ-৩, বি, সি-১, ডি, ই, এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে দুই শিফটে নেয়ার সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষা নির্ধারিত সময় অর্থাৎ ৯ অক্টোবরই শেষ হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি শিগগির বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এ দেওয়া হবে। একইসঙ্গে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো হবে। গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ভর্তির আবেদনপত্র জমা নেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এবার ১৬টি ইউনিটের মধ্যে এ-১ ইউনিটে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৪৬৯, এ-২ ইউনিটে (ইংরেজী) ৮ হাজার ৯০৫, এ-৩ ইউনিটে ২৩ হাজার ২৩৯, এ-৪ ইউনিটে ৬ হাজার ৫৮৯, এ-৫ ইউনিটে ৫ হাজার ৯২০, এ-৬ ইউনিটে ১ হাজার ৭৫০, এ-৭ ইউনিটে ১ হাজার ৪৯৪, বি ইউনিটে ২৪ হাজার ৬৩১, সি-১ ইউনিটে ২৬ হাজার ২৮৩, সি-২ ইউনিটে ১৩ হাজার ৯৭৭, ডি ইউনিটে ২৯ হাজার ৬২৩, ই ইউনিটে ৩২ হাজার ৩৯, এফ-১ ইউনিটে ১১ হাজার ৩৭১, এফ-২ ইউনিটে ১০ হাজার ৯২২, জি ইউনিটে ১৪ হাজার ৪৭ এবং এইচ ইউনিটে ২২ হাজার ৪টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩০৭ ঘ.